বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংঘাতের আবহেই শহরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পদ্ম-শিবিরের একটি সূত্র জানাচ্ছে, শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে ৬ নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরে বৈঠক করবেন তিনি।
দিলীপ এবং শুভেন্দুর পাশাপাশি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ৫ সাধারণ সম্পাদককে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে।শাহের এ বারের সফরের মূল কর্মসূচি, শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্বাঞ্চল পরিষদের (ইস্টার্ন জোনাল কাউন্সিল) বৈঠক।
পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয়কে সামনে রেখে গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল শাহের। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। এ বার সেই সরকারি বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

No comments:
Post a Comment