জমি বিবাদের জেরে নিজের মা-কে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডাঙাপাড়া গ্রামে। অভিযোগ, এই হত্যাকাণ্ডে ওই মহিলার সহযোগী হয়েছিল তার স্বামী ও ছেলে।
শনিবার সকালে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন মৃত ওই মহিলার এক ছেলে।
যদিও এখনও এই ঘটনাতে কেউ গ্রেফতার হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে পর্যন্ত হরিহরপাড়ার ডাঙাপাড়ার বাসিন্দা হাদিনা বেওয়া (৫৭) ভিন রাজ্যে পরিচারিকার কাজ করতেন। সেখানে তাঁর জমানো টাকা থেকে পরবর্তী কালে তিনি হরিহরপাড়াতে নিজের গ্রামে তিন শতক জায়গা কেনেন এবং একটি বাড়ি তৈরি করেন।
ভিন রাজ্যে পরিচারিকার কাজ ছেড়ে হরিহরপাড়াতে ফিরে আসার পর হাদিনা তাঁর মেয়ে সাফিয়া বিবির কাছেই থাকতেন। মৃত ওই মহিলার বড় ছেলে সাইদার শেখ বলেন, 'আমার বোন মা-কে দেখাশোনা করবে বলে তার তিন শতক জায়গা নিজের নামে করে নেয়। কিন্তু বছর দেড়েক মায়ের সেবা-শুশ্রূষা করার পর সে এবং তার স্বামী শাহজাহান শেখ, মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।'
স্থানীয় সূত্রে জানা গেছে, এরপর হাদিনা বেওয়া বিভিন্ন আত্মীয়ের বাড়িতে থাকতেন। তবে সম্প্রতি তিনি আবার ডাঙাপাড়াতে ফিরে নিজের জমির কাছে একটি ছোট ঘরে থাকতে শুরু করেন।
সাইদার বলেন, 'গতকাল আমার মা হরিহরপাড়া থানায় গিয়েছিল এই আবেদন নিয়ে যাতে সাফিয়া এবং তার স্বামী শাহজাহান শেখ ওই তিন শতক জমি আবার তাকে ফিরিয়ে দেয়। কিন্তু জমির রেজিস্ট্রি বোনের নামে হয়ে যাওয়ায় পুলিশে এই সমস্যার সুরাহা করতে পারেনি।'
তিনি বলেন, 'গতকাল রাতে আমার স্ত্রী মাকে খাওয়ার দেওয়ার জন্য ডাকতে গিয়ে দেখতে পান আমার মায়ের দেহ বোনের ঘরের সিলিং থেকে ঝুলছে।'
সাইদারের অভিযোগ, 'মা থানায় গিয়ে অভিযোগ করাতে আমার বোন, তার স্বামী এবং তাদের ছেলে সাফিকুল তিনজনে মিলে আমার মাকে মেরে ঝুলিয়ে দিয়েছে।'

No comments:
Post a Comment