নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মানিক ভট্টাচার্যকে ১৮ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার, ২১ মার্চ মানিকের জামিন মামলার শুনানি ছিল নগর দায়রা আদালতে।
সেখানে মানিককে 'অত্যন্ত প্রভাবশালী' বলে উল্লেখ করে জামিনের বিরোধিতা করেছিল ইডি। শুনানি শেষে দেখা যায় রায় গিয়েছে মানিকের বিপক্ষেই।আদালত জানিয়ে দেয়, আগামী প্রায় দু'মাস জেলেই থাকতে হবে বিধায়ককে। ফলে আপাতত ১৮ মে পর্যন্ত প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ সেলেই বন্দি থাকতে হবে মানিককে।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের বিধায়ক মানিকের জামিনের শুনানি চলাকালীন আদালতে মানিক এবং বিচারকের মধ্যে সামান্য কথোপকথন হয়। মানিক বিচারককে কিছু বলতে চাইলে, তাঁকে থামিয়ে বিচারক জানিয়ে দেন, আদালতে আবেদনকারীর আইনজীবী থাকলে তিনি নিজে কথা বলতে পারেন না। এর পরও মানিক কথা বলতে চাইলে বিচারক বলেন, ''ল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল মানিক কি আদালতের এই নিয়ম সম্পর্কে অবগত নন? তিনি কি আদালতের ডেকোরাম জানেন না?''
অন্য দিকে, ইডির আইনজীবীও মানিকের জামিনের বিরোধিতা করে বলেন, উনি এতটাই প্রভাবশালী যে দল থেকে তাঁকে বহিষ্কারও করা হয়নি। মানিকের জন্যই তাঁর স্ত্রী এবং পুত্র গ্রেফতার হয়েছেন জানিয়ে তাঁর জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। এর পরই শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারক। জানিয়ে দেন, আগামী ১৮ মে পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে মানিককে।

No comments:
Post a Comment