সমস্ত ভারতের খবর all India news

Monday, 2 January 2023

হাসপাতালে এক মুহূর্তও বিশ্রাম হচ্ছে না গাড়ি দুর্ঘটনায় আহত পন্থের! উদ্বিগ্ন পরিবার


 গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ ভর্তি রয়েছেন দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে। কিন্তু সেখানে এক মুহূর্তও নাকি বিশ্রাম হচ্ছে না তাঁর। কারণ, প্রতি দিন অনেকে তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। চিকিত্‍সকেরা জানিয়েছেন, এখন পন্থের বিশ্রামের প্রয়োজন। কিন্তু সেটাই হচ্ছে না তাঁর। 

এই ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেটারের পরিবার।হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পন্থকে দেখতে এসেছেন রাজনৈতিক নেতা, মন্ত্রী, ক্রীড়া আধিকারিক থেকে শুরু করে অভিনেতা। হাসপাতালে রোগীর সঙ্গে দেখা করার জন্য বরাদ্দ সময়ের বাইরেও আসছেন তাঁরা। তাতেই সমস্যা হচ্ছে।

 পন্থের চিকিত্‍সার দায়িত্বে থাকা মেডিক্যাল দলের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, ''এখন পন্থের বিশ্রামের প্রয়োজন। শুধু শারীরিক কারণে নয়, মানসিক সুস্থতার জন্যও পন্থ যত বেশি বিশ্রাম করতে পারবেন, তত ওঁর পক্ষে ভাল। এখনও ওঁর ক্ষত টাটকা রয়েছে। যাঁরা দেখতে আসছেন তাঁদের সঙ্গে কথা বলতে হচ্ছে পন্থকে। এতে উনি আরও দুর্বল হয়ে পড়ছেন। তাই এখন ওঁর সঙ্গে দেখা করতে আসা উচিত নয়। সেটা সবাইকে মাথায় রাখতে হবে।''

 হাসপাতালে রোগীকে দেখতে আসার সময় বেলা ১১টা থেকে ১টা ও বিকাল ৪টে থেকে ৫টা। কিন্তু যে হেতু পন্থ খ্যাতনামী, তাই ওঁর ক্ষেত্রে নিয়ম আলাদা। যে কোনও সময় ওঁকে দেখতে আসা যাবে। তাতেই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের এক কর্মী।

 শনিবার পন্থের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিনেতা অনুপম খের ও অনিল কপূর। দেখা করেছেন দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি শ্যাম শর্মা। এ ছাড়া উত্তরাখণ্ডের সরকারি আধিকারিক, নেতাকর্মীদের যাতায়াত লেগেই রয়েছে। আইসিইউ থেকে আলাদা একটি কেবিনে স্থানান্তরিত করা হয়েছে পন্থকে। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন তাঁর মা। কিন্তু লাগাতার এ ভাবে তাঁকে দেখতে লোক আসায় উদ্বিগ্ন পরিবার। পন্থের বিশ্রাম নিয়ে চিন্তা করছেন তাঁরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template