প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্য জুড়ে শাসকদলের বিরুদ্ধে 'দুর্নীতি' ও 'স্বজনপোষণ'-এর ভূরি ভূরি অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই আবহে প্রকল্পের উপভোক্তাদের তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম ঘিরে নতুন বিতর্ক তৈরি হল কোচবিহারে।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি, তালিকায় নিশীথের বাবা বিধুভূষণ প্রামাণিকের নামও রয়েছে।এ নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ একটি সাংবাদিক বৈঠকও করেন।অমিত শাহের ডেপুটি নিশীথের পাল্টা অভিযোগ, দুর্নীতি ঢাকতে শাসকদলই ইচ্ছাকৃত ভাবে তাঁর বাবার নাম আবাস যোজনার তালিকায় ঢুকিয়ে দিয়েছে।
শনিবার সাংবাদিক সম্মেলন করে রবীন্দ্রনাথ দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। কিন্তু সেই তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকেরও নাম রয়েছে। তাঁর কথায়, ''নিশীথ প্রামাণিকের বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তাঁর বাবার নাম রয়েছে।''
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আরও বলেন, ''ছ'বছর আগে সমীক্ষা হয়েছে। সেই সময় অনেকের পাকা ঘর ছিল না। এই ছ'বছরে অনেকে পাকা ঘর তৈরি করেছেন। কিন্তু তালিকায় তাঁদের নাম রয়েছে। বিজেপি এ নিয়ে রাজনীতি করছে। এ বার তো নিশীথ প্রামাণিকেরও বাবার নাম উঠেছে। এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক।''

No comments:
Post a Comment