সামনে পঞ্চায়েত ভোট। এ বার নদিয়ার রানাঘাটের 'মিলন মন্দির' মাঠে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর ২টোয় অভিষেকের সভা রয়েছে। শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দলীয় এবং প্রশাসনিক স্তরে।
রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি ছাড়াও জেলা স্তরের একাধিক শীর্ষ নেতাকে দেখা গেল ব্যস্ত পায়ে সভামঞ্চ এবং মাঠের প্রস্তুতি তদারকি করতে।রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান একাধিক বার সভাস্থল পরিদর্শন করেছেন। খতিয়ে দেখেছেন নিরাপত্তার বিষয়টি।
বিভিন্ন কারণে অভিষেকের শনিবারের সভা গুরুত্বপূর্ণ। ২০২১ সালে বিধানসভা ভোটে রাজ্যে ঘাসফুলের মেলা দেখা গেলেও রানাঘাট সংসদীয় ক্ষেত্রে ভরাডুবি হয় তৃণমূলের। তার পর এই প্রথম এত বড় মাপের সভা করতে চলেছে তারা। সভাকে সফল করতে মরিয়া ঘাসফুল নেতৃত্ব। তৃণমূল নেতারা জানাচ্ছেন, অভিষেকের সভায় অন্তত দেড় লক্ষ মানুষের ভিড় টানা তাঁদের লক্ষ্য।
রানাঘাট সাংগঠনিক জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের ২১ টি ব্লক ও ১০ টাউন কমিটির প্রত্যেকটিতে জনতার জমায়েত সুনিশ্চিত করার ব্যাপারে বৈঠক করে ফেলেছে তৃণমূল। সংশ্লিষ্ট সাংগঠনিক জেলার অন্তর্গত তৃণমূলের দুই জয়ী বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা (নবদ্বীপ) এবং ব্রজকিশোর গোস্বামী (শান্তিপুর)কে জমায়েতের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।
তবে এর মধ্যে গোষ্ঠীকোন্দলের ব্যাপারেও ওয়াকিবহাল তৃণমূল নেতৃত্ব। কিছুটা অস্বস্তি ঢেকে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় অবশ্য বলেন, ''জেলায় তৃণমূলের কোনও গোষ্ঠী নেই। সবাই সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতিতে অংশ নিচ্ছি। আশা করি, শনিবারের সভায় রেকর্ড জমায়েত হবে।''
অন্য দিকে, মতুয়া অধ্যুষিত রানাঘাট সাংগঠনিক জেলায় বিজেপির সাংগঠনিক ভিত তুলনামুলক মজবুত। গত লোকসভা এবং বিধানসভার ভোটের নিরিখে এই তত্ত্বে সিলমোহর পড়েছে। এই ব্যাপারটি মাথায় রেখে বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত নদিয়ায় সভা করে গেরুয়া শিবিরে চিড় ধরানোয় মূল লক্ষ্য অভিষেকের।
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে শুভেন্দু অধিকারীরা যখন সিএএ ইস্যুতে শান দিচ্ছেন, তখন পাল্টা এ ব্যাপারে মুখ খুলতে পারেন অভিষেক। নাগরিকত্ব ইস্যুতে মতুয়া সম্প্রদায়ের মন পেতে বেশ কিছু ঘোষণাও করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনটাই বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

No comments:
Post a Comment