সন্ধ্যা নামলেই এখনও সুনসান মুর্শিদাবাদের নওদার শিবনগর। এখনও স্থানীয় বাসিন্দাদের চোখেমুখে আতঙ্ক। তাঁরা এখনও মনে মনে বাস করেন নভেম্বরের সেই দিনটিতে। স্থানীয় ব্যবসায়ী অনুপ সাহাকে সে দিন কী ঘটেছিল প্রশ্ন করলে এখনও সরাসরি জবাব দিতে চান না।
কারণ জানতে চাইলে ভীতু গলায় বলেন, ''সে দিনের ভয়ের ঘোর আমার এখনও কাটেনি।ভরসন্ধ্যায় পাড়ার মধ্যে একটা মানুষ খুন হয়ে গেল! এখন সন্ধ্যায় বাড়ি থেকে বেরোতেও ভয় লাগছে। বাচ্চাদের টিউশন পড়াতে নিয়ে যাওয়াও বন্ধ রেখেছি!''
অথবা রফিক মণ্ডল। তাঁর চোখেমুখেও ভয়ের ছাপ। রফিকের কথায়, ''এর আগে কোনও দিন এমন ঘটনা আমাদের এখানে ঘটেনি। ওই রাস্তা দিয়ে সব সময় মানুষ যাতায়াত করে। রাস্তায় আলোও আছে। তবুও ওরা এত সাহস পেল কোথা থেকে! ভেবে এখনও ভয় করছে!''
গত ২৪ নভেম্বর ভরসন্ধ্যায় শিবনগরে জলঙ্গি নদীর ফেরিঘাটের কাছে খুন হয়েছিলেন নদিয়ার থানারপাড়ার সাদিপুরের তৃণমূল নেতা মতিরুল বিশ্বাস। সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু শিবনগর এখনও ভয়ের চোটে কুণ্ডলী পাকিয়ে রয়েছে। মতিরুলের নিজের গ্রাম সাদিপুরেও ভয়। তাঁর মতো শাসকদলের 'প্রভাবশালী' নেতার খুনের ঘটনার পর সাধারণ ভাবে নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাদিপুর।

No comments:
Post a Comment