ঝালর দেওয়া কালো পোশাক, কালো স্টকিংসে নোরা ফতেহি যেন বিদ্যুতের ঝিলিক! নাচে-গানে ফুটবল বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে মন ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। থিম গান 'লাইট দ্য স্কাই' তাঁর কণ্ঠে অন্য মাত্রা নিয়েছিল। সেই সঙ্গে কালো পোশাকে তাঁর মোহময়ী নাচ বিশেষ আবহ তৈরি করেছিল। তাঁর সঙ্গী ছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানাল।তাঁরা একসঙ্গেই সফল করলেন সেই অনুষ্ঠান। অন্য দিকে, ট্রফির উদ্বোধন করলেন দীপিকা পাড়ুকোন। এই প্রথম কোনও ভারতীয় তারকা এই সম্মান পেলেন।
নোরার পারফরম্যান্সের ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে রবিবার রাত থেকেই। বিশ্বকাপ শেষ হলেও 'লাইট দ্য স্কাই' শুনে চলেছেন ফাইনালের ঘোর কাটিয়ে না উঠতে পারা দর্শক। বিশেষ করে নোরার কণ্ঠে গানটির হিন্দি সংস্করণ শুনতে খুবই ভাল লেগেছে ভারতীয় অনুরাগীদের। যেন বিশ্বকাপে ভারতের ফুটবলপ্রেম ছুঁয়ে দিয়ে এসেছেন নোরা। অন্য দিকে, দীপিকা পাড়ুকোন তো ছিলেনই। ট্রফি উদ্বোধনে তাঁর ঝলমলে উপস্থিতিতেও আপ্লুত হয়েছিলেন সবাই। ফুটবলে অংশ না নিলেও পরতে পরতে ২০২২-এর বিশ্বকাপে জড়িয়ে ছিল ভারত। বেশির ভাগ বলি-তারকাই ছিলেন কাতারের গ্যালারিতে।
ফ্রান্স না আর্জেন্টিনা? বিশ্বকাপ ময়দানে তখন ফাইনালের উত্তেজনা। ঠিক তার আগের রাতে নোরা ফতেহি গিয়েছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোর কাছে। হাতে লাল টুকটুকে বাক্স, সবুজ ফিতে দিয়ে মোড়া। তাতে ছিল বিশেষ ভাবে নির্মিত একজোড়া স্পোর্টস শু। স্মারক হিসাবে নোরা সেই বাক্স উপহার দিয়েছিলেন জিয়ানিকে। কৃতজ্ঞতা জানিয়েছিলেন তাঁকে আহ্বান করার জন্য। আর চেয়েছিলেন, স্মৃতিতে থাকতে।

No comments:
Post a Comment