দিল্লিতে নয়, কয়লাকাণ্ডে এবার কলকাতায় ম্যারাথন জেরা ইডি-র। সাড়ে ছয় ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিস্ফোরক অভিযোগ, '৮ মাস আগে পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী।
তোমার কেস দেখে নেব বলে আশ্বাস দিয়েছে শুভেন্দু। সঠিক সময়ে ফোন রেকর্ড প্রকাশ্যে আনব'। সঙ্গে হুঁশিয়ারি, 'আমি মিথ্যা বললে শুভেন্দু মানহানির মামলা করুন। আদালতে অডিয়ো ক্লিপ জমা দেব। অডিয়ো ক্লিপের ফরেনসিক পরীক্ষা হোক'। কয়লাকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করলেন অভিষেক।
কয়লাকাণ্ডে ফের তলব। ঘড়িতে তখন ১০টা ৪৩। এদিন সময়ের আগেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দিল্লি থেকে কলকাতা এসেছে ইডির টিম। সাড়ে ৬ ঘণ্টা ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৫ জন স্পেশাল অফিসার। তাঁরা সকলেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। জেরা চলাকালীন সিজিও কমপ্লেক্স জুড়ে ছিল কড়া নিরাপত্তা।
বিকেলে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বলেন, 'দু'বছর ধরে তদন্ত চলছে। গতকাল সমন হাতে পাই। তৃতীয়বারের জন্য হাজিরা দিলাম। আমায় যখন হাজিরা দিতে বলেছি, হাজিরা দিয়েছে। আমার স্ত্রীকেও এর আগে ডাকা হয়েছে। প্রতিবারই নিটফল শূন্য'। তাঁর আরও বক্তব্য, 'এজেন্সির জুজু দেখিয়ে ভয় দেখানো যাবে না। আন্দোলনের ভাষা আরও তীব্রতর হবে। সাধারণ মানুষের কাছে মাথা নত করব। সিবিআই, ইডি-র কাছে মাথা নত করব না'।

No comments:
Post a Comment