দেড়শ কোটির ভারতে রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নাগরিকদের খাদ্য সুরক্ষিত করার জন্য চালু করা হয়েছে এই রেশন ব্যবস্থা। করোনাকালে ভারত সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে এই রেশন ব্যবস্থাকেই অবলম্বন করে। এই রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়া যায় ঠিক তেমনি আবার সরকারী ভর্তুকিতে পাওয়া যায় খাদ্য সামগ্রী।
তবে বহু ক্ষেত্রেই দেখা যায় রেশন কার্ডে উপভোক্তাদের নাম সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ভুল থাকে। আবার কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল কাজ যাতে এবার সহজেই করা যায় তার জন্য পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে আনা হয়েছে একটি নতুন অ্যাপ।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের আওতায় যে ৫ ধরনের রেশন কার্ড রয়েছে অর্থাত্ অন্ত্যোদয় অন্ন যোজনা শ্রেণিভুক্ত কার্ড, পিএইচএইচ শ্রেণিভুক্ত কার্ড, এসপিএইচএইচ শ্রেণিভুক্ত কার্ড, রাজ্য সুরক্ষা যোজনা ১ ভুক্ত কার্ড, রাজ্য সুরক্ষা যোজনা ২ ভুক্ত কার্ড এই প্রতিটি কার্ডের আধার লিঙ্ক থেকে শুরু করে সংশোধনের কাজ করা যাবে নতুন এই অ্যাপে।
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে আনা এই অ্যাপটির নাম হল Aamar Ration-Khadya Sathi। গুগল প্লে স্টোরে এই অ্যাপ উপলব্ধ রয়েছে এবং যেকোনো উপভোক্তা এই অ্যাপ ডাউনলোড করে আধার লিঙ্ক থেকে শুরু করে সংশোধন সহ বিভিন্ন পরিষেবা পেতে পারেন।
এই অ্যাপের মাধ্যমে আধার লিঙ্ক অথবা ভুল সংশোধন ছাড়াও রেশন কার্ডের আবেদন খোঁজা, কি কি খাদ্য সামগ্রী পাওয়া যাবে তা দেখা, আপনার কাছাকাছি কোথায় রেশন দোকান রয়েছে তা খুঁজে পাওয়া, রেশন কার্ড ডাউনলোড, ইকেওয়াসি, স্ট্যাটাস চেক ইত্যাদি বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যায়।

No comments:
Post a Comment