রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা মামলা নয়া মোড় নিল। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা (Contempt Of Court) দায়ের হল হাইকোর্টে ।
হাইকোর্ট বলেছিল তিন মাসের মধ্যে বকেয়া ডিএ পরিশোধ করতে হবে।গত মে মাসে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
গত ১৯ অগস্ট সেই তিন মাসের সময়সীমা উত্তীর্ণ হয়েছে। এবার নবান্নের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল।
যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই ওই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে। তা গ্রহণও করেছে আদালত। আগামী ২৯ অগস্ট সেই মামলার শুনানি হওয়ার কথা। যদিও কর্মচারীদের দাবি, সেই মামলার প্রতিলিপি সংগঠনগুলিকে দেওয়া হয়নি।
কনফেডারেশন অফ স্টেট গভার্মেন্ট এমপ্লয়ি এই মামলা দায়ের করেছে। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামী বুধবার ২৪ অগস্ট এই মামলার শুনানি হবে হাইকোর্টে।
উল্লেখ্য, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীরা বকেয়া ৩২ শতাংশ ডিএ মেটানোর দাবি জানিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। এই নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই চলে।
শেষে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। যদিও হাইকোর্টে ধাক্কা খায়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত ১১ অগস্ট সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। দু'দিন আগে তা গ্রহণ করে হাইকোর্ট।

No comments:
Post a Comment