রাস্তায় হাঁটছেন বিবেক অগ্নিহোত্রী। সশস্ত্র নিরাপত্তা আধিকারিকরা তাঁকে ঘিরে আছেন সামনে-পিছনে। শুক্রবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল সেই ভিডিয়ো। যেখানে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের নিরাপত্তার ঘনঘটা দেখে বিদ্রুপ ভেসে আসে।
কেউ কেউ ক্ষোভ উগরে বলেন, সাধারণের দেওয়া করের টাকা কী ভাবে অপব্যয় করছে দেশ— তার প্রকৃষ্ট উদাহরণ এটিই।পাল্টা দিলেন বিবেকও। তাঁর বক্তব্য, একই করের টাকা যদি সন্ত্রাস দমনে ব্যবহৃত হত, তা হলে তিনিও ঝাড়া হাত-পায়ে রাস্তায় ঘুরতে পারতেন।
বছর শেষে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবেও বিতর্কের মুখে পড়েছিল বছরের শুরুতে মুক্তি পাওয়া 'দ্য কাশ্মীর ফাইল্স'। সকলেরই ঘুরেফিরে দাবি, ভ্রান্ত তথ্যের উপস্থাপনায় ভরা বিবেক পরিচালিত এই ছবি। বর্তমানে নতুন ছবি 'দ্য ভ্যাক্সিন ওয়ার' নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও আগের ছবি নিয়েই সমালোচনা শুনে যাচ্ছেন বিবেক।
প্রায়ই টুইটারযুদ্ধে তাঁর উদ্দেশে কাদা ছোড়াছুড়ি চলে। সম্প্রতি এক টুইটারব্যবহারকারী লিখেছিলেন, 'খারাপ লাগে খুব, যখন দেখি আপনার মতো এক দেশদ্রোহীর পিছনে করদাতাদের কষ্টের টাকা নষ্ট হচ্ছে।'
এর জবাবেই বিবেক লেখেন, 'করদাতাদের অর্থ ধর্মীয় সন্ত্রাস দমনে ব্যবহৃত হয়েছে। যদি সব কিছু থেমে যায়, আমিও শান্তিতে বাঁচতে পারি।'

No comments:
Post a Comment