সমস্ত ভারতের খবর all India news

Tuesday, 30 August 2022

অনুব্রত মামলার বিচারককে হুমকি চিঠি


 আসানসোলের সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হল বর্ধমান আদালতের আইনজীবী সুদীপ্ত রায়কে। তাঁকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

 পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে আসানসোল আদালত চত্বরে এসেছিলেন সুদীপ্ত।

সেই খবর পেয়েই আদালত চত্বরে গিয়ে সুদীপ্তকে গ্রেফতার করা হয়। আসানসোলের পুলিশ কমিশনার সুধীর কুমার বলেন, ''বর্ধমান আদালতের আইনজীবী সুদীপ্ত রায়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আসানসোল আদালতে হাজির করানো হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।''

 গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে তাঁর পরিবারকে 'গাঁজা কেসে' ফাঁসানো হবে, এই মর্মে হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিচারক চক্রবর্তী। সেই চিঠির প্রেরক হিসাবে পূর্ব বর্ধমানের এগজিকিউটিভ আদালতের আপার-ডিভিশন ক্লার্ক (ইউডিসি) বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম ও সই ছিল। পুলিশ সূত্রে খবর, সুদীপ্তের কাছ থেকে বাপ্পার নামে একটি আধার কার্ড মিলেছে। যেটি নকল।

 প্রসঙ্গত, বাপ্পা প্রথম থেকেই বলে আসছেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। হুমকি চিঠির তদন্তে গত বৃহস্পতিবারও বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করেছে আসানসোল পুলিশ কমিশনারেটের দুই পুলিশকর্তা। জিজ্ঞাসাবাদের পর বাপ্পা দাবি করেন, সুদীপ্ত রায় নামে বর্ধমান আদালতের এক আইনজীবী দিন দুয়েক আগে তাঁকে আদালত চত্বরে হুমকি দিয়েছিলেন। তাঁর কথায়, ''আমায় বলেছিল, 'তোর যা ব্যবস্থা করার, হয়ে গিয়েছে। এ বার তোর চাকরি খাব।'' বাপ্পা জানান, এই বিষয়টি তিনি মহকুমাশাসককে জানিয়েছেন। তিনি অনুমান করছেন, হুমকি চিঠির পিছনে সুদীপ্তেরই হাত রয়েছে। শুক্রবার বাপ্পার গোপন জবানবন্দিও নেওয়া হয়। তার পরেই সোমবার গ্রেফতার হলেন সুদীপ্ত।

No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template